দেশে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটে মোট মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে চলতি বছরের সর্বোচ্চ ২ হাজার ১৯৩ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৩০৩ জন। এর মধ্যে চলতি অক্টোবর মাসের প্রথম ১০ দিনেই মারা গেছেন ৫৮ জন। এর আগে সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে রোগী মারা যান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ১৯৩ জনের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৩০ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ২৯৩ জন, খুলনায় ৩০৪ জন, বরিশালে ২৩৬ জন, রাজশাহীতে ১৬০ জন, রংপুরে ৮৪ জন এবং ময়মনসিংহে ৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এই নিয়ে চলতি বছরে দেশে হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ২৭৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৯৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ হাজার ৪০৩ জন।