ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলনকালে আটক অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট দিয়ে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
মুক্তি পাওয়ার পর এক বার্তায় নেহা বোরা জানান, আটকের পর পুলিশ তাঁর মুঠোফোন বাজেয়াপ্ত করেছিল, যা পরবর্তীতে ফেরত দেওয়া হয়েছে। একই সঙ্গে থানা থেকে আটক হওয়া অন্য নারী আন্দোলনকারীদেরও ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
ভোটার তালিকা সংশোধনে মারাত্মক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন শিক্ষার্থী ও তরুণরা। নেহা বোরা এই চলমান আন্দোলনের অন্যতম পরিচিত মুখ।
শনিবার দিল্লির ঐতিহ্যবাহী যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচির আগেই নেহা বোরাসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের শীর্ষ নেতাদের আটক করে পুলিশ। এ কর্মসূচিকে কেন্দ্র করে পুরো রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলে।
উল্লেখ্য, নেহা বোরা দিল্লির ঐতিহ্যবাহী জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) একজন পিএইচডি গবেষক। তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী) লিবারেশন বা সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্রসংগঠন এআইএসএ-এর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন।