ইয়েমেনে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় দ্রুত অবনতি হচ্ছে মানবিক পরিস্থিতির। জাতিসংঘের অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) জানিয়েছে, সংঘাতের কারণে এখন পর্যন্ত ২ লাখ ১ হাজার ২১৭ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে এই সংখ্যা কয়েক গুণ বেড়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল প্রায় ৭৬ হাজার। এরপর সংঘাত তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে বিপুলসংখ্যক মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়েন।
আইওএম জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ার পাশাপাশি খাদ্য, পানি, আশ্রয় ও অন্যান্য জরুরি সহায়তার চাহিদাও প্রতিদিন বাড়ছে। তবে সংকট মোকাবিলায় প্রয়োজনীয় মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই সংস্থাটির।
আইওএমের মহাপরিচালক অ্যামি পোপ এক বিবৃতিতে বলেন, প্রাণ বাঁচাতে মানুষ ঘর ছাড়ছে, কিন্তু তাদের জন্য নিরাপদ আশ্রয়ও সহজে মিলছে না।
তিনি বলেন, বাস্তুচ্যুত মানুষের এখনই মাথা গোঁজার ঠাঁই, খাবার ও নিরাপত্তা প্রয়োজন। মাঠপর্যায়ে আইওএমের কর্মীরা কাজ করলেও পর্যাপ্ত তহবিলের অভাবে প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না।
দাতাদের দ্রুত সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে অ্যামি পোপ বলেন, মানবিক সহায়তা পৌঁছাতে এক দিন দেরি হলেও তার পরিণতি মানুষের জীবনহানি হতে পারে।
দীর্ঘদিনের সংঘাতের মধ্যেই ইয়েমেনে নতুন করে সহিংসতা বাড়ায় সংকট আরও গভীর হচ্ছে। বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি এবং জরুরি সহায়তার ক্রমবর্ধমান চাহিদা দেশটির মানবিক পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।