আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ২০২৫–এর গ্রুপ পর্বে নিজেদের আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ। তবে সুপার ফোরে জায়গা নিশ্চিত করতে হলে এখন অপেক্ষা করতে হবে আফগানিস্তান–শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের জন্য। গ্রুপ ‘বি’-এর এই ম্যাচটাই নির্ধারণ করবে বাংলাদেশের ভাগ্য।
গ্রুপ পর্বে শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে আছে টাইগাররা। সমান পয়েন্ট নিয়েও শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা, তাদের একটি ম্যাচ হাতে আছে। তিন ম্যাচ খেলে একটি হারা বাংলাদেশের নেট রান রেট -০.২৭০, শ্রীলঙ্কার নেট রান রেট +১.৫৪৬। আফগানিস্তান দুটি ম্যাচে একটি জয় ও একটি হার নিয়ে ২ পয়েন্টে তৃতীয় স্থানে, নেট রান রেট +২.১৫০। একেবারে শেষে থাকা হংকং তিন ম্যাচে সবগুলো হেরে শূন্য পয়েন্টে আছে, তাদের নেট রান রেট -২.১৫১।
বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সবচেয়ে সহজ সমীকরণ হলো শ্রীলঙ্কার জয় বা ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া। এমন পরিস্থিতিতে নেট রান রেট বিবেচনায় আসবে না, সরাসরি পরবর্তী পর্বে যাবে বাংলাদেশ। কিন্তু আফগানিস্তান জিতলে চিত্র ভিন্ন হয়ে যাবে। সে ক্ষেত্রে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে, আর বাংলাদেশকে শ্রীলঙ্কার সঙ্গে নেট রান রেটে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। বর্তমান হিসাব অনুযায়ী শ্রীলঙ্কাই এগিয়ে থাকায় তখন বাংলাদেশের বিদায়ের সম্ভাবনা বেশি।
তবু কিছু জটিল সমীকরণে আফগানিস্তান জিতলেও বাংলাদেশের সুযোগ থেকে যায়। যেমন, শ্রীলঙ্কা আগে ব্যাট করলে আফগানিস্তানকে ১১–১২ ওভারের মধ্যে লক্ষ্য পূরণ করতে হবে। আবার আফগানিস্তান যদি ব্যাট করে ২০০ রান তোলে, তবে শ্রীলঙ্কা ১২৮ রানের নিচে থামলেই বাংলাদেশ এগোতে পারবে। ১৫০ রান তুললে শ্রীলঙ্কাকে ৮৪ রানের নিচে থামতে হবে বাংলাদেশের জন্য।
সব মিলিয়ে, বাংলাদেশ এখন পুরোপুরি তাকিয়ে আছে আফগানিস্তান–শ্রীলঙ্কা ম্যাচের দিকে। আগামী ১৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গ্রুপ ‘বি’-এর এই গুরুত্বপূর্ণ লড়াই।