দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৭ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।
এদিন আসামিপক্ষের আইনজীবী আপসের শর্তে জামিন চাইলেও রাষ্ট্রপক্ষ এর তীব্র বিরোধিতা করে। মামলার বাদী ও মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আদালতে আপসনামা দাখিল করে আসামির জামিনে আপত্তি নেই বলে জানান। তিনি উল্লেখ করেন, সন্দেহের বশে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে আসামি করা হয়েছিল। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা বাদী হয়ে এমপি গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুর রহমানকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন।
উল্লেখ্য, গত জুলাইয়ে মরিয়মের সঙ্গে গাজী নজরুলের ব্যক্তিগত কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা শুরু হয়। নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় ওই সময়ই তাকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।