ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের ইসরায়েলে হামলার তৃতীয় বার্ষিকী ঘিরে বিশ্বের ৩৭টি দেশে ২৬২টি ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলবিরোধী বিক্ষোভ এবং কর্মসূচি পালনের পরিকল্পনা করা হয়েছে। ইসরায়েলের প্রবাসীবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের জাতীয় ইহুদিবিদ্বেষবিরোধী কেন্দ্র জে-এসওসির হিসাব অনুযায়ী, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এসব কর্মসূচি চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে কেবল ১০ ও ১১ অক্টোবর ১২১টি কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব বিক্ষোভের কারণে বিশ্বজুড়ে ইহুদি সম্প্রদায় ও ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
পরিকল্পিত কর্মসূচিগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিক্ষোভ হবে যুক্তরাষ্ট্রে (৪৫টি)। এছাড়া স্পেনে ৪০টি, অস্ট্রেলিয়ায় ২১টি, যুক্তরাজ্যে ১৯টি এবং ইতালিতে ১৬টি বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। জার্মানি ও কানাডায় ১৪টি করে, ফ্রান্সে ১০টি এবং নেদারল্যান্ডসে ৮টি কর্মসূচি রয়েছে।
২৬২টি কর্মসূচির মধ্যে ২১টিকে উচ্চঝুঁকিপূর্ণ এবং ৬৬টিকে মাঝারি ঝুঁকির হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪৫টি বিক্ষোভ ইসরায়েলি দূতাবাস, কনস্যুলেট বা দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কানাডায় উচ্চঝুঁকির বিক্ষোভের সংখ্যা সবচেয়ে বেশি (চারটি)। এছাড়া যুক্তরাষ্ট্র, ইতালি, অস্ট্রেলিয়া ও গ্রিসে দুটি করে উচ্চঝুঁকির বিক্ষোভের তথ্য রয়েছে। দক্ষিণ কোরিয়া, কলম্বিয়া, মেক্সিকো ও থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক স্থাপনার বাইরেও এমন বিক্ষোভ হতে পারে।
পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলের প্রবাসীবিষয়ক মন্ত্রণালয় বিদেশে অবস্থানরত ইসরায়েলি নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।