অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশ্বাস দিয়েছেন যে সময়মতো ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের পূর্বেই ভোট অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভিডিও কলে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, “নির্বাচন শেষ হলে আমি আমার পূর্বের কাজের জায়গায় ফিরে যাব।”
আলোচনায় তিনি ব্যাংকিং খাত সংস্কার, রাজস্ব আহরণ বৃদ্ধির পদক্ষেপসহ অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরেন। এ সময় আইএমএফ প্রধান বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক পদক্ষেপের প্রশংসা করেন।
ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, “অল্প সময়ে আপনার (ড. ইউনূস) সাফল্য আমাকে মুগ্ধ করেছে। অর্থনীতি কঠিন পরিস্থিতিতে থাকলেও আপনি সঠিক সময়ে দায়িত্ব নিয়েছেন এবং কার্যকর সিদ্ধান্ত নিয়েছেন।” তিনি বিশেষভাবে বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর জন্য সরকারের উদ্যোগের প্রশংসা করেন।
প্রধান উপদেষ্টা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বাংলাদেশের সংকটময় সময়ে আপনাদের অবিচল সহায়তার জন্য ধন্যবাদ।” তিনি মনে করিয়ে দেন যে গত বছর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ চলাকালে তাদের প্রথম সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রেখেছিল।
এ ছাড়াও আলোচনায় আঞ্চলিক বিষয়াদি উঠে আসে। এর মধ্যে ছিল নেপালের যুব আন্দোলন এবং আসিয়ানভুক্তির জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষা। ড. ইউনূস আঞ্চলিক সংযোগ জোরদারে নতুন বন্দর ও টার্মিনালসহ বৃহৎ অবকাঠামো প্রকল্পের কথাও উল্লেখ করেন।
আলোচনায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।