সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে সোমবার (৫ অক্টোবর) আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদি আগ্রাসনের জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এ হামলা চালিয়েছে বলে হুথিদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন।
হুথি সামরিক মুখপাত্রের তথ্য অনুযায়ী, বিমানবন্দরটিতে নির্ভুল হামলা চালানো হয়েছে। এতে বিমানবন্দরের বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
এর আগে একই দিনে সৌদি আকাশসীমা ব্যবহারের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেয় হুথি বিদ্রোহীরা। সতর্কবার্তায় বলা হয়, ‘মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমা ব্যতীত সমগ্র সৌদি আকাশসীমা আমাদের হামলার জন্য উন্মুক্ত থাকবে।’
হুঁশিয়ারি উপেক্ষা করে সৌদি আকাশসীমায় বিমান চলাচল অব্যাহত রাখলে এর ফলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায় তারা নেবে না বলেও জানায় হুথিরা।
সূত্র: মিডল ইস্ট আই