আবাসন সংকটকে কেন্দ্র করে দেশজুড়ে জোরালো গণবিক্ষোভের মধ্যে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ২৯ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সোমবার (৫ অক্টোবর) মাদ্রিদের মনক্লোয়া প্রাসাদ থেকে জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে জানান তিনি।
ভাষণে সানচেজ বলেন, ‘স্পেনের সাধারণ মানুষের এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার যে তারা নিজেদের জন্য এবং দেশের জন্য কেমন ভবিষ্যৎ চান।’
আবাসন সংকট মোকাবিলায় সরকারের আনা দুটি রয়্যাল ডিক্রি পার্লামেন্টে অনুমোদন পেতে ব্যর্থ হওয়ার ৭২ ঘণ্টারও কম সময়ের মধ্যে আগাম নির্বাচনের ঘোষণা এলো। প্রধানমন্ত্রী স্বীকার করেন, তার সরকার ‘ভুল করেছে এবং প্রতিশ্রুতি অনুযায়ী সব কাজ করতে সক্ষম হয়নি।’
অসমতা কমাতে প্রয়োজনীয় সংস্কার অব্যাহত রাখার জন্য সরকারের জনসমর্থন নবায়ন ও আরও বিস্তৃত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন সানচেজ।
এদিকে আবাসন সংকট সমাধানের দাবিতে মাদ্রিদের কেন্দ্রস্থল পুয়ের্তা দেল সোলে কয়েকদিন ধরে শত শত মানুষ অবস্থান ধর্মঘট পালন করছেন। গত এক সপ্তাহে তাদের আন্দোলন স্পেনের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে।