কাতালোনিয়ায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুইজনের মৃত্যু এবং একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তোরদেরা ও মন্তর্নেস দেল ভায়েসে একজন করে মারা গেছেন। একই সঙ্গে নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় জিরোনা প্রদেশের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করতে জরুরি সতর্কবার্তাসহ মোবাইল ইএস-এলার্ট (Es-Alert) পাঠিয়েছে কাতালোনিয়ার সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ।

রিদাউরা ও দারো নদীর পানি বেড়ে উপচে পড়ায় স্থানীয় বাসিন্দাদের নদীর আশপাশের এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ ভবনের ভেতরে নিরাপদ স্থানে অবস্থান করতে এবং পানি ঢোকার আশঙ্কা থাকলে ওপরের তলায় উঠে যাওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বেসমেন্ট ও নিচু এলাকায় না নামতেও সতর্ক করা হয়েছে।
এর আগে বেসোস নদীর পানি বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোয় বার্সেলোনা মহানগর এলাকার বার্সেলোনা, মন্তকাদা ই রেইশাক, সান্তা কোলোমা দে গ্রামেনেত ও সান্ত আদ্রিয়া দে বেসোস এলাকায়ও মোবাইল ইএস-এলার্ট (Es-Alert) পাঠানো হয়।

বার্সেলোনায় ১৭ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন
প্রবল বৃষ্টির কারণে বার্সেলোনা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহেও বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। রবিবার দুপুর পর্যন্ত ১৭ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন।
বার্সেলোনা, বাদালোনা ও সান্তা কোলোমা দে গ্রামেনেত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে। সিভিল প্রোটেকশন জানিয়েছে, বিদ্যুৎ নেটওয়ার্কে প্রায় ২২০টি সমস্যার খবর পাওয়া গেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি দলগুলো কাজ করছে।

বেসোস নদীতে বিপজ্জনক প্রবাহ
সান্তা কোলোমা দে গ্রামেনেতের কাছে বেসোস নদীতে প্রতি সেকেন্ডে প্রায় ৯০৩ ঘনমিটার পানি প্রবাহিত হচ্ছে। নদীর পানির উচ্চতা প্রায় ৩ দশমিক ৫ মিটারে পৌঁছেছে।
এই পরিস্থিতিতে কাতালান পানি সংস্থা ওই এলাকায় বন্যার ঝুঁকির সতর্কতা জারি করেছে। নদীর কাছাকাছি থাকা মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

রেল, মেট্রো ও সড়ক যোগাযোগে ব্যাপক বিঘ্ন
ভয়াবহ আবহাওয়ার কারণে কাতালোনিয়ায় রোদালিয়েসের অধিকাংশ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিষেবা স্থগিত থাকবে।
তবে লেইদার এলাকায় আরএল৩ (RL3) ও আরএল৪ (RL4) এবং তোরতোসা থেকে ল’হসপিতালেত দে ল’ইনফান্ত পর্যন্ত আর১৬ (R16) ট্রেন সীমিতভাবে চলবে। আবহাওয়া ও নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে থাকলেই এসব পরিষেবা চালু থাকবে।
বার্সেলোনায় বন্যার ঝুঁকিতে তিনটি মেট্রো স্টেশন বন্ধ করা হয়েছে। রোন্দা লিতোরালের দুটি প্রবেশপথও বন্ধ রাখা হয়েছে।
এছাড়া বার্সেলোনা প্রদেশের ১২টি সড়কে যান চলাচল বন্ধ ছিল। বন্যার কারণে বিভিন্ন এলাকায় সড়ক ও গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে।

রেকর্ড বৃষ্টি
এই বৃষ্টিতে কাতালোনিয়ার বিভিন্ন এলাকায় অতীতের রেকর্ড ভেঙে গেছে। বার্সেলোনার কান ব্রুইশা এলাকায় ২১৩ লিটার, গ্রানোলেরসে ২৪৮ লিটার, মাতারোয় ২৪৪ লিটার এবং বার্সেলোনা শহরে প্রায় ২২০ লিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ভয়াবহ বৃষ্টিতে বার্সেলোনা ও হসপিতালেত দে লিয়োব্রেগাতের বিভিন্ন গণপরিবহন ব্যবস্থায় পানি ঢুকে পড়ে। কিছু এলাকায় যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।
কাতালোনিয়ায় সর্বোচ্চ সতর্কতা
রবিবার কাতালোনিয়ায় ভারী বৃষ্টি ও ঝড়ের জন্য সর্বোচ্চ লাল সতর্কতা জারি রয়েছে। কিছু এলাকায় মাত্র ছয় ঘণ্টায় ২০০ লিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা হয়েছে।

আস্তুরিয়াস ও এক্সত্রেমাদুরায় কমলা সতর্কতা এবং আরও কয়েকটি অঞ্চলে হলুদ সতর্কতা জারি রয়েছে।
কাতালোনিয়ার প্রেসিডেন্ট সালভাদোর ইয়া নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।