বার্সেলোনা উপকূলে তীব্র ঝড়-বৃষ্টির মধ্যে দেয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বিকেল থেকে কাতালোনিয়ার উপকূলে আঘাত হানা প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে এটিই প্রথম প্রাণহানির ঘটনা।
দুর্ঘটনাটি ঘটেছে বার্সেলোনা প্রদেশের মারেসমে এলাকার তোরদেরা শহরের একটি ক্যাম্পিংয়ে। প্রবল বৃষ্টির মধ্যে একটি দেয়াল ভেঙে ওই ব্যক্তির ওপর পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাতালোনিয়ার সরকার চলমান ভয়াবহ আবহাওয়াকে ‘মিনি হারিকেন’ হিসেবে উল্লেখ করেছে। শনিবার বিকেল থেকে বার্সেলোনার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। কোথাও কোথাও প্রতি বর্গমিটারে ১০০ লিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এতে বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায় এবং শহরের বিভিন্ন এলাকায় জলপ্রপাতের মতো পানি নামতে দেখা যায়।
তোরদেরা বার্সেলোনা প্রদেশের উত্তর-পূর্ব সীমান্তে অবস্থিত। শহরটি জিরোনা প্রদেশের সীমান্তের কাছাকাছি হওয়ায় বর্তমানে ঝড়-বৃষ্টির প্রভাব আরও উত্তরের দিকে সরে যাচ্ছে।
কাতালোনিয়ার প্রেসিডেন্ট সালভাদোর ইয়া নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি পরিস্থিতি এখনও জটিল বলে উল্লেখ করে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
বিশেষ করে কাতালোনিয়ার মধ্যাঞ্চল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত আগামী কয়েক ঘণ্টা পরিস্থিতি আরও কঠিন থাকতে পারে বলে সতর্ক করেছেন তিনি।