গাজীপুরের ডেগেরচালা এলাকার ম্যাট্রিক্স গার্মেন্টসের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যৌথভাবে কাজ করছে।
শনিবার (০৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় অবস্থিত কারখানাটির আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ৩টি ও রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো ও উদ্ধারকাজ শুরু করে।
প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা জানিয়েছেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পর অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির সার্বিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।