পাঞ্জাব সীমান্তের কাছে দুই বেসামরিক পাকিস্তানিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ সময় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) পাঞ্জাব প্রদেশের কাসুর জেলার ওই তিন বাসিন্দা একটি সীমান্ত স্তম্ভের কয়েক পা এগোতেই বিএসএফ সদস্যরা কোনো সতর্কবার্তা ছাড়াই তাদের ওপর গুলি চালায়। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, ওই তিনজনের কেউই সীমান্ত বেড়া পার হওয়ার চেষ্টা করেনি। তারা সবাই নিরস্ত্র ছিল।
তবে ভারতের মিডিয়ায় বলা হয়েছে, ওই তিন পাকিস্তানি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল। তখন তাদের গুলি করা হয়। এ বিষয়ে দুই দেশের কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিতকরণ বা মন্তব্য পাওয়া যায়নি।