আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে চিকিৎসা শেষে ১৭ দিন পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় চিকিৎসক দল ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিকেল সাড়ে ৪টার দিকে নুরুল হক নুর হাসপাতাল ত্যাগ করেন।
আসাদুজ্জামান আরও বলেন, ঘটনার দিন নুরকে হাসপাতালে আনার পরপরই তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। প্রথমে তাঁকে জরুরি বিভাগে রাখা হয় এবং পরে পুরাতন ভবনের চতুর্থ তলার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত ১০ সদস্যের বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা কার্যক্রম চলে। শেষ পর্যন্ত ভিআইপি কেবিন থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে এবং লাঠিচার্জ চালায়। এতে নুরুল হক নুর, দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলেও পরে রাত ১১টার দিকে তাঁকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।