স্থানীয় বাণিজ্যে বিশেষ অবদানের জন্য বার্সেলোনাকে ‘ইউরোপীয় স্থানীয় বাণিজ্যের রাজধানী’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ উপলক্ষে শহরের স্থানীয় ব্যবসায়ী ও বাণিজ্যসংশ্লিষ্টদের উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছেন বার্সেলোনার মেয়র জাউমে কলবোনি।
২০২৬ সালের সেপ্টেম্বর মাসে পাঠানো ওই চিঠিতে মেয়র স্থানীয় ব্যবসায়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিদিন দোকান খোলা, পণ্যের মজুত দেখা কিংবা ক্রেতাদের সেবা দেওয়ার মধ্য দিয়ে তারা শুধু ব্যবসা পরিচালনা করছেন না; বরং শহরের অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সংহতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
চিঠিতে বলা হয়, উদ্যোক্তা, ব্যবসায়ী ও স্থানীয় বাণিজ্য খাতের সঙ্গে যুক্ত মানুষের সম্মিলিত প্রচেষ্টা এবং শহরের বাণিজ্যিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ বার্সেলোনার স্থানীয় বাণিজ্যকে ইউরোপের জন্য অনুপ্রেরণার একটি মডেলে পরিণত করেছে। এই মডেলে উৎকর্ষ, উদ্ভাবন, মানুষের কাছাকাছি থাকা এবং আন্তর্জাতিক যোগাযোগ—সবকিছুর সমন্বয় রয়েছে বলে উল্লেখ করা হয়।
বার্সেলোনা সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্বীকৃতি উদ্যাপনে ২০২৬ সালে বিভিন্ন অনুষ্ঠান ও উদ্যোগ নেওয়া হবে। এসব আয়োজনে স্থানীয় ব্যবসায়ী, নগরবাসী ও শহরের কেন্দ্রীয় এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সেখানে ব্যবসায়ীদের অভিজ্ঞতা, নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে আলোচনা করার পাশাপাশি স্থানীয় বাণিজ্যকে কীভাবে আরও সুরক্ষিত ও শক্তিশালী করা যায়, তা নিয়েও আলোচনা হবে।
মেয়রের চিঠিতে স্থানীয় ব্যবসায়ীদের এই আয়োজনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যারা এখনো কোনো বাণিজ্যিক সংগঠনের সদস্য নন, তাদেরও স্থানীয় বাণিজ্যিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, স্থানীয় বাণিজ্য শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডের অংশ নয়; এটি শহরের সামাজিক বন্ধন ও নাগরিক জীবনেরও গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই বার্সেলোনার ব্যবসায়ীদের অবদানকে সামনে আনতেই বছরজুড়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে।
চিঠির শেষাংশে মেয়র স্থানীয় ব্যবসায়ীদের দোকানে সিটি কর্তৃপক্ষের দেওয়া একটি স্টিকার প্রদর্শনের আহ্বান জানান। তার ভাষায়, প্রতিদিনের কাজের মাধ্যমে ব্যবসায়ীরা যে মূল্য তৈরি করছেন, তা শহরের জন্য গুরুত্বপূর্ণ এবং তারা এমন একটি বাণিজ্যিক নেটওয়ার্কের অংশ, যা ইউরোপের অন্য শহগুলোর কাছেও অনুপ্রেরণার হয়ে উঠেছে।
চিঠিতে স্বাক্ষর করেছেন বার্সেলোনার মেয়র জাউমে কলবোনি কুয়াদ্রাদো। এতে শহরের স্থানীয় বাণিজ্য খাতকে বার্সেলোনার অর্থনীতি ও সামাজিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে তুলে ধরা হয়েছে।