কিশোরগঞ্জের ভৈরবে নিজ বাড়ির উঠানে গাছের সঙ্গে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় সিঙ্গাপুর প্রবাসী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রোকন আহমেদ জয় (২৬) ওই এলাকার মো. সাত্তার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, রোকন আহমেদ জয় সিঙ্গাপুরে শ্রমিকের কাজ করতেন। প্রায় দুই বছর সিঙ্গাপুরে থাকার পর এক মাস আগে ছুটিতে দেশে ফেরেন তিনি।
মঙ্গলবার সকালে বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে রোকন আহমেদ জয়কে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।