গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানিয়েছে সংগঠনটি। দলটির পক্ষ থেকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলা হয়েছে, এই সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করতে হবে। অন্যথায় যমুনা বা সচিবালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
তিনি অভিযোগ করে বলেন, “সরকার নুরকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর ঘোষণা দিলেও এখনো বাস্তবে কিছু করেনি। গড়িমসি করার কারণে আমরা নিজের উদ্যোগে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চাই। সরকারের ঘোষণাকে আমরা প্রত্যাখ্যান করছি।”
রাশেদ আরও বলেন, “হামলার এত দিন পরেও কোনো অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সরকারের অভ্যন্তর থেকেই কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এতে জড়িত। আমরা ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ চাই, না হলে যমুনা বা সচিবালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে।”
সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান জানান, আজ নুরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও হঠাৎ নতুন জটিলতা দেখা দেওয়ায় তা সম্ভব হয়নি। তিনি বলেন, “নুরের নাকে ভাঙা হাড়ে জটিলতা রয়েছে, চোয়ালের হাড় ফাঁকা হয়ে আছে এবং লিভারেও সমস্যা ধরা পড়েছে। তাই তাঁকে আরও চিকিৎসার আওতায় রাখা হচ্ছে।”