শিক্ষার্থীদের পরীক্ষার কারণে নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সম্ভাবনা দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। তবে শিক্ষা কার্যক্রমে বিঘ্ন না ঘটিয়ে পরবর্তী সময়ে ভোট আয়োজনের পরিকল্পনা করছে কমিশন। এ ক্ষেত্রে আগামী জানুয়ারিতে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।
বৃহস্পতিবার নীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আনোয়ারুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের কোনো সুযোগ দেখছি না। আমরা আশা রাখি, জানুয়ারিতে ভোট করতে পারব।’
তিনি বলেন, পরীক্ষার আগে নির্বাচনী প্রচারণা শুরু হলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাদের পড়াশোনায় কোনো ধরনের বিঘ্ন না ঘটিয়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়টি বিবেচনা করছে নির্বাচন কমিশন।
নির্বাচন আয়োজনের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সব বিবেচনায় রেখেও যেন করা যায়, সেভাবেই চিন্তা করছি।’
সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের যোগাযোগের বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘কেউ কাউকে অফিশিয়ালি বলে নাই কবে ভোটের তারিখ দিতে হবে। এমন কোনো নজির নাই।’
তিনি আরও জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নির্বাচন কমিশনের নিয়মিত তথ্য আদান-প্রদান হয়। কমিশনের চাহিদা অনুযায়ী মন্ত্রণালয় প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। এসব তথ্যের ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম এগিয়ে নেয় ইসি।
আইন ও সংবিধানের বিধান অনুসরণ করেই নির্বাচন কমিশন সব ধরনের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চায় বলেও জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।