গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে ধীরাশ্রম এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ছয়জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অপর তিনজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।