দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা মানেই ভক্তদের মাঝে আলাদা উন্মাদনা। পেশাগত ব্যস্ততা থেকে বিরতি নিয়ে বর্তমানে মালদ্বীপের সমুদ্রসৈকতে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। সেখানে অবকাশযাপনের বেশ কিছু ছবি রোববার (২০ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি। ছবিগুলো প্রকাশের পরই তা নজর কেড়েছে তার অগণিত অনুসারীর।
রোদোজ্জ্বল দিনে সৈকতের বালুবেলায় হালকা হলুদ রঙের পোশাকে হেঁটে বেড়াতে দেখা গেছে নয়নতারাকে। ছবিগুলোতে তার স্বচ্ছন্দ ও নির্ভার সময় কাটানোর মুহূর্ত ফুটে উঠেছে। চোখে স্টাইলিশ সানগ্লাস, কখনো মাথায় টুপি—সব মিলিয়ে তার অবকাশযাপনের সাজও ছিল বেশ আকর্ষণীয়।
নয়নতারা ছবিগুলোর লোকেশন হিসেবে মালদ্বীপের ফারি দ্বীপপুঞ্জের উত্তর মালে অ্যাটলে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট পাতিনা মালদ্বীপকে ট্যাগ করেছেন। সৈকতের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে অভিনেত্রীর এই সাজও ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে।
অবকাশযাপনের খবরের পাশাপাশি কাজের জগতেও আলোচনায় রয়েছেন নয়নতারা। সর্বশেষ বড়পর্দায় তাকে দেখা গেছে ‘হাই’ সিনেমায়। বিষ্ণু এদাভান পরিচালিত রোমান্টিক কমেডি চলচ্চিত্রটিতে দেবায়ানি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে তার সঙ্গে অভিনয় করেছেন কাভিন।
চলচ্চিত্র সমালোচকদের মতে, সিনেমাটি গতানুগতিক ধারার বাইরে খুব নতুন কিছু উপস্থাপন না করলেও এর নাটকীয় মোড় ও জটিলতা দর্শকদের বিনোদন দিয়েছে। ময়িল ও দেবায়ানি নামের সম্পূর্ণ ভিন্ন দুই চরিত্রের জীবন, বিশৃঙ্খলা ও মিথ্যার জালের মধ্য দিয়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠার গল্পই তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটিতে।