নিয়মিতই ফটোশুটে দেখা যায় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাসকে। তবে এবারের ফটোশুটে ছিল ভিন্নতা। পোশাকের পাশাপাশি ছবি তোলার পরিবেশ এবং হাতে থাকা বইও নজর কেড়েছে ভক্তদের।
নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস। ছবিতে চকচকে ধূসর-বাদামি রঙের স্টাইলিশ টু-পিস স্যুটে দেখা গেছে তাকে। তবে পোশাকের চেয়ে বেশি নজর কেড়েছে তার হাতে থাকা বই এবং ছবির পেছনের আবহ।
অপুর হাতে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’। বইটি হাতে নিয়ে নানা ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। কখনো বইয়ের পাতায় চোখ রেখেছেন, আবার কখনো বইটি মুখে ও মাথায় ঠেকিয়ে ছবি তুলেছেন তিনি।
অপুর ছবিগুলো ধারণ করা হয়েছে একটি লাইব্রেরিতে। তার পেছনে থরে থরে সাজানো ছিল নানা ধরনের বই। ফলে পুরো ফটোশুটেই তৈরি হয়েছে বই ও পাঠের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আবহ।
ছবিগুলোর ক্যাপশনেও বিশেষ বার্তা দিয়েছেন অপু। তিনি লিখেছেন, ‘ভবিষ্যত অনুমানের সবচেয়ে সেরা উপায় হলো ভবিষ্যতটা নিজেই তৈরি করে নেওয়া।’
এমন ভিন্ন আবহে অপুকে দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তার ভক্ত-অনুসারীরা। একজন লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে আপু আপনাকে’। আরেকজন লিখেছেন, ‘একসময় অপুর মুভি ছাড়া চলতোই না, অপু বিশ্বাস মানেই ছোটবেলা’। অন্য এক অনুসারী পরামর্শ দিয়ে লিখেছেন, ‘লাইব্রেরিতে শাড়ি পরে ফটোশুট করলে একদম পারফেক্ট হতো’।
এদিকে অপু বিশ্বাস সম্প্রতি নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। ‘শিকার’ নামের সিনেমাটি নির্মাণ করছেন কামরুজ্জামান রোমান। কিছুদিন আগে নেপালে সিনেমাটির সিংহভাগ শুটিং হয়েছে।
তবে বর্তমানে সিনেমাটির নায়ক মরতুজা পলাশ কারাগারে থাকায় বাকি কাজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিনেমাটিতে অপু বিশ্বাস ও পলাশের সঙ্গে অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার, পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে।