টাইফুন দুজুয়ানের প্রভাবে সোমবার জাপানে অন্তত ২৭৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়টি টোকিওর দিকে এগিয়ে আসায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের আশঙ্কায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
প্রবল বাতাসসহ টাইফুনটি রাজধানীতে বিশ্বের অন্যতম বৃহৎ ভিডিও গেম বাণিজ্য মেলার কার্যক্রম নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দিতে বাধ্য করেছে। ঝড়ের কারণে হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) রোববার সতর্ক করে বলেছে, টাইফুন আঘাত হানার আগেই বৃষ্টি ও বাতাসের তীব্রতা বাড়তে পারে।
সংস্থাটি বলেছে, ‘মঙ্গলবার পর্যন্ত মোট বৃষ্টিপাত সেপ্টেম্বর মাসের গড় মাসিক বৃষ্টিপাতের পরিমাণ ছাড়িয়ে যেতে পারে। এতে রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাত হতে পারে।’
ঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার। সে সময় টাইফুনটি টোকিওর অন্যতম দূরবর্তী দ্বীপ হাচিজোজিমা থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
সোমবার টোকিওর পার্শ্ববর্তী চিবা অঞ্চলে চার হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। জেএমএ ও স্থানীয় কর্তৃপক্ষ ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক করেছে।
জাপান এয়ারলাইনস ১২০টি অভ্যন্তরীণ ও ১৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে, অল নিপ্পন এয়ারওয়েজ বাতিল করেছে ১৪০টি অভ্যন্তরীণ ফ্লাইট।
টোকিও ও আশপাশের অঞ্চলে রেল পরিচালনাকারী সংস্থাগুলো কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ রেখেছে।
বিশ্বের অন্যতম বৃহৎ ভিডিও গেম বাণিজ্য মেলা টোকিও গেম শো গত বৃহস্পতিবার শুরু হয়েছিল। তবে টাইফুনের কারণে সোমবার মেলার শেষ দিনের কার্যক্রম বাতিল করা হয়।
চিবায় অনুষ্ঠেয় একটি বড় উন্মুক্ত সংগীত উৎসব এবং একটি বেসবল ম্যাচও বাতিল করা হয়েছে।