ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী এবং ডাকসুর নবনির্বাচিত সহসাধারণ সম্পাদক (এজিএস) মো. মহিউদ্দীন খানকে নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দুজনকে আলিঙ্গনের ভঙ্গিতে দেখা গেলেও সেটি আসল নয় বলে নিশ্চিত করেছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
সংস্থাটির অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করা হয়েছে। আলাদাভাবে তোলা শেহরীন আমিন ও মহিউদ্দীনের দুটি ছবি সংগ্রহ করে সেগুলোকে একত্রিত করে নতুনভাবে দৃশ্য তৈরি করা হয়েছে।
ছবিটি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে ডান নিচে গুগলের জেমিনি এআইয়ের জলছাপ দেখা যায়। একই সঙ্গে ভাইরাল ছবির পোশাক ও ভঙ্গিমার সঙ্গে শেহরীন আমিন ও মহিউদ্দীনের ফেসবুক প্রোফাইলের আলাদা ছবির মিল পাওয়া গেছে।

রিউমর স্ক্যানার জানায়, সম্প্রতি গুগল ডিপমাইন্ড “ন্যানো বানানা” নামে উন্নত এক ইমেজ এডিটিং মডেল উন্মোচন করেছে। জেমিনি এআইয়ের মাধ্যমে ব্যবহারযোগ্য এই মডেলের ‘ব্লেন্ড ফটোস টুগেদার’ ফিচার ব্যবহার করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
অতএব ভাইরাল হওয়া ছবিটি প্রকৃত নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে সম্পাদিত।