চাঁদপুরের শাহরাস্তিতে পৌর এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে আপন চাচাতো ভাইয়ের স্ত্রীকে (ভাবী) নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রোববার (২০ সেপ্টেম্বর) সকালে শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইন প্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সাথে নিয়ে রহমত উল্লাহ আত্মগোপন করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শেখ রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে শনিবার রাতে তাঁরা দুজন একসাথে পালিয়ে যান এবং নিজেদের ব্যবহৃত মুঠোফোন বন্ধ রাখেন। ঘটনাটি নিশ্চিত হওয়ার পর রহমত উল্লাহর স্ত্রী এবং প্রবাসীর সন্তানসহ পরিবারের সদস্যরা থানায় যান।
প্রবাসী ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, তাঁদের অবৈধ সম্পর্কের বিষয়টি নজরে আসার পর প্রবাসে থাকা স্বামীকে জানানো হয়। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে আলোচনা চলাকালেই তাঁরা দুজন উধাও হয়ে যান।
এ ঘটনায় মরিয়ম বেগমের শ্বশুর হারুনুর রশিদ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, তাঁর ছেলের বউ ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।
শাহরাস্তি মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।