বলিউডের তরুণ অভিনেত্রী মেধা শঙ্কর ও জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান সময় রায়নাকে নিয়ে প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। এরই মধ্যে নতুন করে ছড়িয়েছে তাদের বিয়ের খবর। নেটদুনিয়ায় দাবি করা হচ্ছে, চলতি বছরের ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই দুই তারকা।
এই গুঞ্জনের সূত্রপাত মূলত রেডিটে ছড়িয়ে পড়া একটি পোস্টকে কেন্দ্র করে। সেখানে পোস্টদাতা দাবি করেছেন, তিনি সময় রায়নার পরিবারের ঘনিষ্ঠ একজন এবং সময়ের মায়ের কাছ থেকেই নাকি বিয়ের বিষয়ে এই তথ্য পেয়েছেন। পোস্টে আরও দাবি করা হয়, বর্তমানে মেধা ও সময় একসঙ্গে ছুটি কাটাচ্ছেন এবং সময় দ্রুত মেধাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চান।
তবে রেডিটের ওই পোস্টের দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। এমনকি মেধা শঙ্কর বা সময় রায়নার পক্ষ থেকেও বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এর আগে বিভিন্ন সময় এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাওয়ার খবর সামনে এসেছে। সম্প্রতি সুইজারল্যান্ডের ইন্টারলাকেনে তাদের একসঙ্গে থাকার একটি ঝাপসা ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পাশাপাশি সময় রায়নার জনপ্রিয় অনুষ্ঠান ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় সিজনে অতিথি হিসেবে মেধা শঙ্করের উপস্থিতি তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দেয়।
এর আগে এক ভক্তের প্রশ্নের জবাবে শ্যারন ভার্মার সঙ্গে নিজের সম্পর্কের গুঞ্জন সরাসরি নাকচ করেছিলেন সময় রায়না। তবে মেধা শঙ্করের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে এখন পর্যন্ত দুজনের কেউই প্রকাশ্যে কিছু বলেননি।
ফলে ডিসেম্বরের বিয়ের খবরটি আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জন হিসেবেই থাকছে। মেধা শঙ্কর ও সময় রায়নার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তাদের বিয়ে নিয়ে নিশ্চিত কোনো তথ্য বলা যাচ্ছে না।