ব্যাংকের প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের জন্য নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি এখন থেকে তার নিজস্ব সম্পদের অতিরিক্ত অর্থের ব্যাংকের শেয়ার কিনতে পারবে না।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়।
একই সাথে শেয়ারধারক কোম্পানির পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালক পদের জন্য শুধুমাত্র ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) মনোনয়ন দেওয়ার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকের মালিকানা কাঠামোয় স্বচ্ছতা নিশ্চিত করা, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বেনামি বা নামসর্বস্ব কোম্পানির মাধ্যমে ব্যাংক দখল প্রতিরোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই নিয়ম কার্যকরের ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অসামঞ্জস্যপূর্ণ শেয়ার কেনার প্রবণতা হ্রাস পাবে এবং ব্যাংক পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।