সৌদি আরবের ইয়ানবু বন্দরনগরীর একটি তেল স্থাপনা এবং খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, চলতি সপ্তাহে হুথিদের অবস্থানে সৌদি আরবের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবে এসব হামলা চালানো হয়েছে। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হুথিদের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইয়ানবুতে সৌদি তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, হামলাগুলো লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি।
হুথিদের দাবি অনুযায়ী, দ্বিতীয় হামলাটি চালানো হয় খামিস মুশাইত বিমানঘাঁটিতে। সেখানে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই হামলাও লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেছে হুথিরা।
তবে হুথিদের এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত সৌদি আরবের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।