ভারতে ভিডিও বক্তব্যে ‘আসসালামু আলাইকুম’, ‘ইনশাআল্লাহ’ ও ‘জাযাকাল্লাহ’ বলায় অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুশরা বানু নামের ওই কর্মকর্তা ভারতীয় পুলিশ সার্ভিসের কর্মকর্তা।
তিনি পশ্চিমবঙ্গের খড়গপুরে এসপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১২ সেপ্টেম্বর আইপিএস পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বক্তব্যে তিনি সালাম দিয়ে কথা শুরু করেন। বক্তব্যের মধ্যে ‘ইনশাআল্লাহ’ শব্দ ব্যবহার করেন এবং শেষে ‘জাযাকাল্লাহ’ বলেন।
এ নিয়ে ‘হিন্দু লিগ্যাল ফান্ড’ নামে একটি সংগঠন তার বিরুদ্ধে অবস্থান নেয়। পরে বুশরা বানুকে অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে আর্মড পুলিশের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
মাইক্রোব্লগিং সাইট এক্সে ওই সংগঠন বুশরা বানুর বক্তব্যের সমালোচনা করে। তাদের প্রশ্ন, বক্তব্যে তিনি কেন ‘জয় হিন্দ’ ও ‘বন্দে মাতরম’ শব্দ ব্যবহার করেননি।
সংগঠনটি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিবকে বিষয়টি জানিয়েছে বলেও দাবি করেছে। অভিযোগে তারা বলেছে, “তিনি তার বক্তব্য শুরু করেছেন আসসালামু আলাইকুম বলে। ইনশাআল্লাহ শব্দ ব্যবহার এবং শেষে জাযাকাল্লাহ বলেছেন। কিন্তু বক্তব্যে বন্দে মাতরম বা জয় হিন্দ ব্যবহার করেননি। ভারতের একজন কর্মরত অফিসার হিসেবে নিরপেক্ষ থাকা উচিত এবং যখন জনগণের সঙ্গে কথা বলবেন তখন জাতীয় শব্দ ব্যবহার করতে হবে। আমরা তার বক্তব্য ভালোভাবে খতিয়ে দেখতে বলেছি।”