দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসে মারা গেছেন ৪৩ জন। সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে মৃত্যু হয়েছে ৬৭ জনের। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৯৩ জন ভর্তি হয়েছেন। ফলে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ১৬৩ জনে।
এদিকে, একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৬৬ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন মোট ৫০ হাজার ৯৪১ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৫৮৬ জন। এছাড়া খুলনা বিভাগে ২৯০ জন, চট্টগ্রামে ১৬৫ জন, বরিশালে ১৫৯ জন, রাজশাহীতে ১৩৮ জন, ময়মনসিংহে ৮২ জন এবং রংপুরে ৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।