চাঁদপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ ও সদর সিনিয়র সিভিল জজের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অশোভন আচরণের অভিযোগ এনে তাঁদের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টুর সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ আইনজীবীরা বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে শামছুল ইসলাম মন্টু বলেন, “এই কর্মসূচি বিচারপ্রার্থী ও আইনজীবীদের স্বার্থে। আমরা বার ও বেঞ্চের সমন্বয়ের মাধ্যমে বিচারিক কার্যক্রম পরিচালনা করতে চাই। কিন্তু প্রায় পাঁচ মাস ধরে এই সমন্বয় নেই। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে একাধিকবার কথা বলা হলেও তিনি কর্ণপাত করেননি।”
তিনি অভিযোগ করেন, কোনো কোনো বিচারক আইনজীবীদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দাবি না মানা হলে আগামীতে আদালত বর্জনসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার ফয়সালের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, আহসান হাবীব, কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন, জসিম মেহেদী, সিনিয়র আইনজীবী ওমর ফারুক টিটো, তাফাজ্জল হোসেন, জসিম উদ্দিন, জহির উদ্দিন সরকার, জাবের হোসেন, সুপ্তা, আবু সায়েম, তৌহিদুল ইসলাম তরুণ, মানসুরী, শাহ আলম ফরাজী ও শেখ জাহাঙ্গীর আলম।
বক্তারা বলেন, আইনজীবীদের পাশাপাশি আদালতের বেঞ্চ সহকারী ও পেশকারদের ঘুষ-দুর্নীতির কারণে ন্যায়বিচার বিঘ্নিত হচ্ছে। অনিয়মে জড়িতদের অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তাঁরা।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, গত রোববার (১৩ সেপ্টেম্বর) প্রতিবাদ সভা এবং এর আগে ৯ সেপ্টেম্বর জরুরি সাধারণ সভায় সাড়ে চার শ আইনজীবীর উপস্থিতিতে তিন বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত হয়।
আদালত বর্জনের তালিকায় থাকা তিন বিচারক হলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক পলাশ বর্ধন এবং সদর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক শম্পা ইসলাম। আইনজীবীরা জানান, আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) তাঁদের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।