কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন আহসান হাবিব মজুমদার (৪৫) ও আরিফুল ইসলাম নয়ন (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, সেখানে নয়নকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত আহসান হাবিবকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আহসান হাবিব নাঙ্গলকোট উপজেলার মোকরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি কেশতলা পশ্চিমপাড়া মজুমদার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে। অপর নিহত আরিফুল ইসলাম নয়ন হেসাখাল বাজার নূরানী হাফিজিয়া মাদরাসার শিক্ষক এবং পেরিয়া গ্রামের পশ্চিমপাড়ার আবু জাফর সওদাগরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহসান হাবিব নাঙ্গলকোট বাজার থেকে খিলা বাজারের দিকে যাচ্ছিলেন, আর নয়ন নাঙ্গলকোটের দিকে আসছিলেন। মহিলা কলেজের সামনে পৌঁছালে দুজনের মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানিয়েছেন, এখনও থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।