জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই। একইভাবে স্থানীয় সরকার নির্বাচনেও জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রী ড. আবদুল মঈন খান ও বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি সামনে আসতে পারে। তিনি জানান, নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতার বিষয়গুলো নির্ধারণ করে নির্বাচন কমিশন।
তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সেটিও আইন, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।
এ সময় এক প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, প্রচলিত আইন অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে এ বিষয়ে আইন পর্যালোচনার পর তারা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে।
এর আগে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।