মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পাহারাদার’ হওয়ার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সংঘাত ও কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের তীব্র টানাপোড়েনের মধ্যে শনিবার তিনি এই মন্তব্য করেন।
ভারতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আয়োজিত বৈঠকে মাসুদ পেজেশকিয়ান বলেন, মধ্যপ্রাচ্যের ভূখণ্ডের অখণ্ডতা ও নিরাপত্তা কেবল এখানকার মূল অংশীদার ও আঞ্চলিক দেশগুলোই নিশ্চিত করতে পারে, বাইরের কোনো পাহারাদারের প্রয়োজন নেই।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে নানা অন্যায়-অবিচার সত্ত্বেও ইরান যুদ্ধ কিংবা দীর্ঘস্থায়ী সংঘাতের পক্ষে নয়, বরং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠাই তাদের প্রধান অগ্রাধিকার।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর থেকেই পুরো অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে। এর জবাবে পাল্টা পদক্ষেপ হিসেবে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি অবরুদ্ধ করে দেয় তেহরান। বর্তমানে এই জলপথে নৌযান চলাচলের জন্য পূর্বানুমতি বাধ্যতামূলক করার পাশাপাশি সার্ভিস ফি চালুর পরিকল্পনা করছে ইরান।
এদিকে জলপথটির নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় অঞ্চলে ধারাবাহিকভাবে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। টানা ছয় মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং সম্প্রতি জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।