ইরানের তৈরি ‘শাহেদ-১৩৬’ ড্রোনের নকশা ও প্রযুক্তি অনুসরণ করে যুক্তরাষ্ট্র ‘লুকাস’ নামের নতুন একটি ড্রোন তৈরি করে নিজেদের সামরিক বাহিনীর অস্ত্রাগারে যুক্ত করেছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাবি আজ শনিবার (১২ সেপ্টেম্বর) খোররামাবাদ শহরে আয়োজিত এক অনুষ্ঠানে এই দাবি করেন।
ড্রোন প্রযুক্তিতে ইরানের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, তরুণ গবেষকদের উদ্ভাবনী চিন্তা, কঠোর পরিশ্রম ও মাঠপর্যায়ের অভিজ্ঞতার ফলেই এই সফলতা অর্জিত হয়েছে। ইরানের ড্রোনবহর বর্তমানে দেশের প্রতিরক্ষায় অন্যতম শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং তাদের কাছে প্রত্যক্ষ হামলা ও নজরদারির জন্য বিভিন্ন ধরনের শাহেদ ড্রোন রয়েছে।
যুক্তরাষ্ট্রের নির্মিত ‘লুকাস’ ড্রোনের প্রসঙ্গ টেনে আইআরজিসির এই কর্মকর্তা জানান, ওয়াশিংটন ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের সক্ষমতায় অনুপ্রাণিত হয়ে এর নকশা ও প্রযুক্তি নকল করতে বাধ্য হয়েছে। ড্রোনটি তৈরি করে মার্কিন সামরিক বাহিনী নিজেদের অস্ত্রভান্ডারে যুক্ত করেছে বলে দাবি করেন তিনি।
মজিদ মুসাবি আরও উল্লেখ করেন, ইরানের চালানো ‘অপারেশন ট্রু প্রমিজ-১’-এ দেশে তৈরি বিপুলসংখ্যক ড্রোনের সফল ব্যবহার বিশ্বজুড়ে ইরানের প্রযুক্তির সক্ষমতা তুলে ধরেছে।