রাজধানীর লালবাগ, শাহবাগ ও আদাবর এলাকা থেকে পৃথক ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল থেকে বিকালের মধ্যে এসব মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে লালবাগের শহীদনগর ৩ নম্বর লেনের একটি ভাড়া বাসা থেকে আনোয়ার হোসেন (৪৩) নামের নিম্ন আদালতের এক আইনজীবীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন জানান, চলতি মাসের ১ তারিখে আনোয়ার একা ওই কক্ষটি ভাড়া নেন। সকালে কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। ভেতরে মেঝেতে তার পচনধরা মরদেহ পড়ে ছিল। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি হতাশায় ভুগতেন ও নিয়মিত আদালতে যেতেন না। অসুস্থতাজনিত কারণে ২ থেকে ৩ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
এদিকে দুপুরে শাহবাগের জাতীয় ঈদগাহ ময়দান ও হাইকোর্ট মাজার সংলগ্ন ফুটপাত থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের বয়স আনুমানিক ৬৫ ও ৪৫ বছর এবং তারা ভবঘুরে ছিলেন বলে ধারণা করছে পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক দলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে রাজধানীর আদাবর-১০ এলাকার একটি খাল থেকে এক নারীর খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে স্থানীয়রা খালে মরদেহের অংশ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথা ও হাতসহ মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করে। নিহত নারীর পরিচয় নিশ্চিত হতে সিআইডির ফরেনসিক দলকে খবর দেওয়া হয়েছে।
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এসব মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।