ভারতে পলাতক সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ এবং গুমের মূল নির্দেশদাতা হিসেবে অভিহিত করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা মিলনায়তনে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুম হওয়া ব্যক্তিদের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আজ দেশবাসীর কাছে এটি পরিষ্কার যে শেখ হাসিনা একজন অভিনয়শিল্পী ছিলেন এবং নিজেই গুমের মূল নির্দেশদাতা ছিলেন। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে নিয়ে তাদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে তিনি সান্ত্বনা দিতেন এবং স্বজনদের ফিরিয়ে দেওয়ার আশ্বস্ত করতেন। অথচ তিনি নিজেই ভালো করে জানতেন, গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময় অত্যন্ত নির্মম ও জঘন্য কর্মকাণ্ড চালানো হয়েছে। একজন ব্যারিস্টারকে দীর্ঘ আট বছর হাতকড়া পরিয়ে আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি; আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আজ দেশ ছেড়ে পালিয়েছেন। তার সঙ্গে দেশের প্রধান বিচারপতি ও বায়তুল মোকাররমের ইমামসহ বিগত ১৭ বছরে সুবিধাবোগী বিভিন্ন পদাধিকারীরাও আত্মগোপনে গেছেন।
লালমোহন উপজেলা নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল ও উপজেলা যুবদলের সভাপতি শাজিনুর ইসলাম কবির হাওলাদারসহ স্থানীয় নেতারা।