রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
এর আগে শুক্রবার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকশ মানুষ মিছিলে অংশ নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছোড়ে।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন জানান, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করা হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, মিছিলে সরাসরি অংশ নেওয়া আরও ৩০ জনকে পরে গ্রেপ্তার করা হয়েছে। ফলে এ ঘটনায় মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।