দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. জামাল মিয়া (৪০) নামের এক প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জামাল চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. ছিডু মিয়া বেপারীর ছেলে। তিনি তিন সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জামাল মিয়া। সেখানে তিনি একটি ভ্যারাইটি সুপারশপ গড়ে তোলেন এবং তা পরিচালনা করছিলেন। বুধবার রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী দোকানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এ সময় দোকানে থাকা এক কর্মচারী গুরুতর আহত হন, যাঁর চিকিৎসা স্থানীয় একটি হাসপাতালে চলছে।
নিহতের বাবা ছিডু মিয়া বেপারী বলেন, অবুঝ নাতি-নাতনিগুলো অল্প বয়সেই পিতৃহারা হলো। ছেলের মরদেহ যেন দ্রুত দেশে এনে নিজ গ্রামে দাফন করা যায়, সেজন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহায়তা প্রার্থনা করেন তিনি।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হয়েছে। নিহতের প্রয়োজনীয় কাগজপত্র পৌঁছালে দূতাবাসের পক্ষ থেকে সব আইনি ও আনুষঙ্গিক ব্যবস্থা নেওয়া হবে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হবে।