রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটের ৪৬টি পিলারে বিভিন্ন মাত্রায় ফাটল এবং ২৭টি বিয়ারিং প্যাড গুরুতর ত্রুটিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। তবে এসব ত্রুটি নিরূপণ ও মেরামতের কৌশল নির্ধারণে বুয়েটকে পরামর্শক হিসেবে নিয়োগসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অডিট কমিটির প্রতিবেদনে মোট ৭৩০টি বিয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়া গেছে। এর মধ্যে ৪৯৭টি ত্রুটি ‘মাইনর’ বা ছোটখাটো এবং ২৯৭টি মূলত স্থাপনের সময়কার কারিগরি ত্রুটি। কেবল ২৭টি বিয়ারিং প্যাডকে ‘ক্রিটিক্যাল’ বা গুরুতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ৪৬টি পিলারে (পিয়ার) বিভিন্ন মাত্রায় ফাটল পরিলক্ষিত হয়েছে।
মন্ত্রী আরও জানান, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গত ১৬ জুলাই একটি সুপারিশ বাস্তবায়ন কমিটি গঠন করেছে। ইতোমধ্যে ১০টি স্থানে স্টিল ব্র্যাকেট এবং ২৭টি স্থানে বিয়ারিং প্যাড পর্যবেক্ষণে ‘সেটেলমেন্ট মার্কার’ বসানো হয়েছে। চিহ্নিত ২৭টি গুরুতর বিয়ারিং প্যাড আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিস্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ৪৬টি পিলারের ফাটল পরিমাপ ও পর্যবেক্ষণে ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ বসানো হচ্ছে, যার কাজ ৩১ অক্টোবরের মধ্যে শেষ হবে। পিলারের ঝুঁকি নিরূপণ ও স্থায়ী মেরামতের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।