দীর্ঘ চার দশক পর বৈশ্বিক নীতিনির্ধারণের সর্বোচ্চ মঞ্চ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
দায়িত্ব গ্রহণের পর তাঁর সভাপতিত্বেই নতুন এই অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এর আগে গত ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে ৯৯টি দেশের সমর্থনে সভাপতি নির্বাচিত হন তিনি।
দায়িত্ব নেওয়ার প্রাক্কালে অধিবেশনে নিজের কর্মপরিকল্পনা ও অগ্রাধিকারের রূপরেখা তুলে ধরেন ড. খলিলুর রহমান। তিনি মূলত একজন অভিজ্ঞ ও সাবেক পেশাদার কূটনীতিক, যাঁর জাতিসংঘেই কাজ করার দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।
সাধারণ পরিষদের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বনেতাদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক পর্ব। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে এর আগে ১৯৮৬ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম কূটনীতিক হিসেবে সভাপতির মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। চার দশক পর দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের সর্বোচ্চ এই ফোরামে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেল বাংলাদেশ।