জুলাই গণহত্যার বিচার না হওয়া এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ার কারণেই অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই গণহত্যার বিচার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিশ্চিত না করে তাদের প্রতি নমনীয়তা দেখানোর ফলেই ইতালির ভেনিসে জুলাইয়ের আন্দোলনের যোদ্ধা ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার মতো ঘটনা ঘটছে।
তিনি আরও বলেন, বিচারহীনতা ও আপোশের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।