বাইসাইকেলে ছয়টি দেশ পাড়ি দিয়ে সৌদি আরবে পৌঁছে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ব্যতিক্রমী যাত্রা শুরু করেছেন নরসিংদীর বেলাবো উপজেলার তরুণ সজিব তালুকদার ইফরাম (২৬)।
সজিব উপজেলার সররাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের সালাউদ্দিন তালুকদারের ছেলে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বেলাবো উপজেলা পরিষদ চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর দীর্ঘ সাইকেলযাত্রা শুরু হয়।
বাংলাদেশ থেকে বাইসাইকেলে করে ছয়টি দেশ পাড়ি দিয়ে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে পৌঁছানো এবং সেখানে হজ পালন করাই তাঁর লক্ষ্য। পুরো যাত্রায় তাঁকে প্রায় ৮ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে বলে জানা গেছে।
সজিবের এই ব্যতিক্রমী উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উৎসাহের সৃষ্টি হয়েছে। যাত্রার শুরুতে তাঁকে শুভকামনা জানাতে পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
যাত্রা শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাবোর সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ। তিনি সজিবের সাহসী ও পবিত্র উদ্যোগের সফলতা কামনা করেন। একই সঙ্গে দীর্ঘ পথের যাত্রায় তাঁর সুস্থতা ও নিরাপত্তার জন্য দোয়া ও শুভকামনা জানান।
জানা গেছে, দীর্ঘ সাইকেলযাত্রা সজিবের জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। এর আগে তিনি সাইকেলে বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণ করেছেন। মাত্র ৪৮ ঘণ্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সাইকেলে পাড়ি দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
এ ছাড়া এখন পর্যন্ত সজিবের ২৬টি দেশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন দেশে ভ্রমণের অভিজ্ঞতা এবং দীর্ঘ পথ সাইকেল চালানোর দক্ষতাকে কাজে লাগিয়েই এবার তিনি আন্তর্জাতিক এই অভিযানে নেমেছেন।
সজিব জানিয়েছেন, ছোটবেলা থেকেই সাইকেলে চড়ে হজে যাওয়ার স্বপ্ন লালন করে আসছেন তিনি। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই এবার দীর্ঘ এই যাত্রা শুরু করেছেন। নিরাপদে সৌদি আরবে পৌঁছে পবিত্র হজ পালন করতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
সজিবের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, তাঁর এই উদ্যোগ নিঃসন্দেহে সাহসিকতা ও আত্মবিশ্বাসের অনন্য দৃষ্টান্ত। তাঁরা আশা করছেন, সজিব নিরাপদে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সৌদি আরবে পৌঁছাবেন এবং পবিত্র হজ পালন শেষে সুস্থভাবে দেশে ফিরবেন।
স্থানীয়দের মতে, সজিবের এই সাইকেলযাত্রা শুধু তাঁর ব্যক্তিগত স্বপ্ন পূরণের উদ্যোগ নয়; বরং এটি দেশের তরুণদের ভ্রমণ, আত্মবিশ্বাস ও সাহসী উদ্যোগের প্রতিও অনুপ্রেরণা জোগাবে।