চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক বিরোধের জেরে বাবার হাতে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ শাহেদ (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মায়নী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহেদ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র। তিনি প্রবাসী নুরুজ্জামানের একমাত্র ছেলে।
শাহেদের মা কামরুজ্জাহান জানান, সৌদি আরব প্রবাসী স্বামী দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন করে আসছিলেন। সম্প্রতি দেশে ফিরে তিনি সিলেটের এক নারীকে বিয়ে করে বাড়িতে আনেন। বিষয়টি নিয়ে পারিবারিক অশান্তি বাড়তে থাকে। মঙ্গলবার এ নিয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।
তিনি আরও জানান, বুধবার সন্ধ্যায় বাবার সঙ্গে ছেলের কথাকাটাকাটি হলে একপর্যায়ে নুরুজ্জামান হাতে থাকা ছুরি দিয়ে শাহেদকে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শাহেদ। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আর্য রাজ দত্ত বলেন, হাসপাতালে আনার আগেই শাহেদের মৃত্যু হয়। বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে, অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে।
ঘটনার বিষয়ে মিরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, পারিবারিক কলহ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।