ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লং ভেহিকল, যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া থানাধীন পুরাতন মুহুরীগঞ্জ এলাকার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে
আহতদের ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশ জানায়, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি লং ভেহিকল, ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত তিনজনের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন হেফাজতে নেয়। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ফাজিলপুর হাইওয়ে থানার ওসি আবু নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।