ক্রোয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় বাংলাদেশিসহ ৯৬ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়া ও হার্জেগোভিনার সীমান্ত পুলিশ।
দেশটির কর্মকর্তারা বৃহস্পতিবার জানান, বুধবার সীমান্তে নজরদারি অভিযানের সময় পৃথক দুটি ঘটনায় এসব অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়।
প্রথম ঘটনায় বিকেলের দিকে বিস্ত্রিৎসা গ্রামের কাছে দুটি নৌকা থেকে ৬৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪০ জন পাকিস্তানি এবং ২৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
এ সময় দুজনকে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে সীমান্ত পুলিশ।
পরে সন্ধ্যার দিকে একই এলাকায় আরও ৩৩ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়। তাদের মধ্যে ১৮ জন আফগান, ১৩ জন বাংলাদেশি এবং দুজন পাকিস্তানি নাগরিক।
আটক ব্যক্তিদের বিষয়ে ফরেনার্স অ্যাফেয়ার্স সার্ভিসের বানিয়া লুকা ফিল্ড সেন্টারকে অবহিত করা হয়েছে।
সীমান্ত পুলিশ জানিয়েছে, পৃথক দুটি ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
সূত্র:সিনহুয়া