মাদারীপুরে একটি শিশুকে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকার আড়িয়াল খাঁ নদ সংলগ্ন সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে পুলিশের গাড়িটি মঠেরবাজার এলাকা অতিক্রম করছিল। এ সময় হঠাৎ সড়কে উঠে আসা একটি শিশুকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক পুলিশ কনস্টেবল নিহত হন এবং চার পুলিশ সদস্যসহ ৯ জন আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।
মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, পথচারী শিশুকে বাঁচাতে গিয়েই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে এক কনস্টেবল নিহত এবং চার পুলিশ সদস্যসহ ৯ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।