স্পেনের ভ্যালেন্সিয়া শহরের একটি ব্যাংক শাখায় গতকাল ‘ফিল্মী স্টাইলে’ এক ডাকাতির ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, পরিচ্ছন্নতাকর্মীর পোশাক পরে আসা দুই ব্যক্তি পিস্তল হাতে ব্যাংক পরিচালককে ভয় দেখিয়ে ২ লাখ ইউরোরও বেশি অর্থ লুট করতে সক্ষম হন।
ডাকাতরা আগ্নেয়াস্ত্র বহন করছিল এবং মুখ ঢেকে রেখেছিল।
ডাকাতিটি ঘটে মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর সকালবেলায়, পাত্রাইক্স এলাকার একটি কাইসাব্যাংক শাখায়। পুরো ঘটনাটি মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়, তবে এতটুকু সময়ই যথেষ্ট ছিল অপরাধীদের জন্য অর্থ লুট করে গাড়িতে পালিয়ে যাওয়ার।
সকাল প্রায় আটটার দিকে ব্যাংক পরিচালক শাখায় প্রবেশের সময় মুখোশধারী ডাকাতরা তাকে আটকায় এবং পিস্তল দেখিয়ে ভয় দেখায়। এরপর তারা তাকে সঙ্গে নিয়ে ভেতরে প্রবেশ করে এবং জোর করে ভল্ট খুলতে বাধ্য করে। ভেতরে প্রবেশের পর অল্প কয়েক মিনিটেই তারা টাকা গুছিয়ে নেয় এবং গাড়িতে উঠে পালিয়ে যায়।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, ঘটনাটি অত্যন্ত সুচিন্তিত ও পরিকল্পিত একটি ডাকাতি।
পুলিশ জানিয়েছে, ডাকাতরা ২ লাখ ইউরোরও বেশি অর্থ লুট করেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের খুঁজে বের করে গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করা হয়েছে।