ময়মনসিংহে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৮ জন যাত্রী।
বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ময়মনসিংহ-ফুলপুর আঞ্চলিক সড়কের আলালপুর এলাকার ‘খালেক ফিলিং স্টেশন’-এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হালুয়াঘাট উপজেলার কারাকান্দা গ্রামের আব্দুর রাজ্জাক (৪৫) এবং ফুলপুর উপজেলার সিংহেরশ্বর গ্রামের তোফাজ্জল হোসেন (৬০)। নিহত অপর ব্যক্তির (আনুমানিক ৫০) পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া হালুয়াঘাটগামী ‘ইমাম পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘শ্যামলী বাংলা পরিবহন’-এর বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক মারা যান।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল হোসেন ও অজ্ঞাত পরিচয় আরও একজনের মৃত্যু হয়।
কোতোয়ালী মডেল থানা ও হাসপাতাল পুলিশ ক্যাম্প থেকে জানানো হয়েছে, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে প্রাণ হারানো আব্দুর রাজ্জাকের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে সড়ক যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। যানবাহন দুটি জব্দসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।