মালয়েশিয়ার শাহ আলমে সড়ক দুর্ঘটনায় ৪৫ বছর বয়সী এক বাংলাদেশি নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়ি ও চালক পালিয়ে যাওয়ায় তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের দিকে শাহ আলমের জালান বুকিত কেমুনিংয়ে তামান শ্রী মুদা থেকে ক্লাংমুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শাহ আলম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার সারুদিন সামাহ এক বিবৃতিতে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বাংলাদেশি পথচারী রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।
দুর্ঘটনায় তার মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শাহ আলম হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনায় জড়িত গাড়িটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। গাড়ি ও চালককে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।
তিনি আরও জানান, ঘটনাটি সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১(১) ধারায় তদন্ত করা হচ্ছে।
দুর্ঘটনা সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তা দিয়ে তদন্তে সহায়তা করার আহ্বান জানিয়েছে পুলিশ। তথ্য থাকলে শাহ আলম জেলা পুলিশের ট্রাফিক তদন্ত ও আইন প্রয়োগ বিভাগের তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আবদুল নাসের পেপিংয়ের সঙ্গে ০১২-২৮৬ ৩৮৭৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।