নাটোরের গুরুদাসপুরে আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যান ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর থেকে নাটোরগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ ৭১-২৬৪৭) এবং ঢাকাগামী একটি আরএফএল কোম্পানির কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-চ ৬২-০৩৬৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশে পানিতে পড়ে যায় এবং ভেতরে থাকা ৮ যাত্রী আহত হন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে যান।
খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত সাতজনই গাজীপুর জেলার বাসিন্দা।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. আলমাছ আলী জানান, প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।